দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আবদুল্লাহ রানা বলেন, ‘এই ইস্যু নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না। কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সঙ্গে যায় না।’
তিনি আরও বলেন, একজন অভিনেতার রাজনৈতিক আদর্শ থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশের ধরন নিয়ে তার ভিন্ন মত আছে। তার ভাষায়, ‘অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটা আদর্শ নিয়ে চলবে। কিন্তু সেই আদর্শ সে রাস্তায় মিছিল-মিটিং বা দলবাজি করে প্রমাণ করবে না। একজন অভিনেতা তার রাজনৈতিক আদর্শ প্রকাশ করবেন তার কাজের মাধ্যমে। কিন্তু সেটি বাদ দিয়ে যখন কেউ দলবাজি বা ধান্দাবাজি করে, সেটা গ্রহণযোগ্য নয়।’
তবে রাজনীতিতে শিল্পীদের অংশগ্রহণকে পুরোপুরি নাকচ করেননি তিনি।
আবদুল্লাহ রানা বলেন, ‘শিল্পী হিসেবে প্রকাশ্যে রাজনীতিতে জড়ানো উচিত না। এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু রাজনীতি দোষের কিছু নয়। একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন, আবার একজন রাজনীতিকও অভিনয়ে আসতে পারেন।’
গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। আজ রোববার তার মরদেহ দেশে আনা হবে। এরপর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় দাফন করা হবে।