1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ফ্যামিলি কার্ডের জন্য কাউকে টাকা-পয়সা দেবেন না: তথ্য প্রতিমন্ত্রী 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে টাকা-পয়সা দেবেন না। অনেকে প্রতারণা করে টাকা চাইতে পারে। কিন্তু মনে রাখবেন সরকারি এই কার্ডের জন্য কোথাও কাউকে টাকা দিতে হয় না। উপযুক্ত ব্যক্তিরা ফ্যামেলি কার্ড পাবেন।

শনিবার (১৬ মে) বিকেলে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল দরিদ্র নারীদের হাতে ফ্যামেলি কার্ড পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সেই অঙ্গীকার পূরণ করছেন। বিএনপি জনগণকে দেওয়া কথা রাখে। সেটা আজ আবারও প্রমাণিত হয়েছে।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠান থেকে দেশের ২০টি জেলায় ফ্যামেলি কার্ড বিতরণ কাজ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৩০ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun