কলম্বিয়ার একটি সংঘাতপ্রবণ অঞ্চলে মঙ্গলবার দেশটির এক সিনেটরের গাড়িবহরে বিলুপ্ত ফার্ক গেরিলা গোষ্ঠীর বিদ্রোহীরা গুলি চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
২০১৬ সালে বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের পর এবারই দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঢেউ চলছে।
আগামী ৩১ মে অনুষ্ঠেয় নির্বাচনের আগে চলমান প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা, হামলা, হত্যা ও অপহরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে।
বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
কঠোর নিরাপত্তার মধ্যে ক্ষমতাসীন দলের সিনেটর আলেকজান্ডার লোপেজ দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি মহাসড়কে তার নিয়মিত ব্যবহৃত গাড়ির আগের একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। এ সময় তার মূল গাড়িটিতে গুলি চালানো হয়।
পেত্রো বলেন, কউকা অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে সেই স্থান থেকে মাত্র ‘এক কিলোমিটার’ দূরে, যেখানে এপ্রিলের শেষ দিকে গেরিলাদের বোমা হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
বামপন্থী প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘সিনেটর আলেকজান্ডার লোপেজের সাঁজোয়া গাড়িতে ইভান মোরদিস্কোর নেতৃত্বাধীন মাদকপাচারকারী সশস্ত্র গোষ্ঠী গুলি চালিয়েছে।’
তিনি আরও জানান, স্থানীয় এক মেয়রের গাড়িতেও হামলা চালানো হয়েছে।
বোগোতায় এক জনসমাবেশে পেত্রো বলেন, ‘তারা মাত্রই সিনেটরকে অপহরণের চেষ্টা করেছে।’
এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, কিংবা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গেরিলাদের গোলাগুলি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কউকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাদক চাষ হয়। এটি মোরদিস্কোর নেতৃত্বাধীন ফার্ক ভিন্নমতাবলম্বীদের অন্যতম প্রধান ঘাঁটি।
পেত্রো দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা চালানোর চেষ্টা করেছিলেন। তবে তা সফল হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে এসব গোষ্ঠীর সদস্য সংখ্যাও বেড়েছে।
এদিকে, ডানপন্থী প্রধান প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ও পালোমা ভ্যালেন্সিয়া পেত্রোর শান্তি নীতির সমালোচনা করেছেন এবং তারা অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন।