জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এক বিস্ফোরক দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ রাশেদ খাঁন। তার দাবি, একসময় রাজনৈতিক জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী তার পা ধরতে বাকি রেখেছিলেন।
গত ২৬ মে মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী যখন তার কাছে এই অনুনয়-বিনয় করেছিলেন, তখন সেখানে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। মূলত একটি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার পরেই রাশেদ খাঁন ফেসবুকে এই ক্ষোভপ্রকাশ ও পাল্টা অভিযোগ করেন। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক আদর্শ ও সততা নিয়ে তীব্র প্রশ্ন তুলে রাশেদ খাঁন অভিযোগ করেন, অতীতে এই এনসিপি নেতা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হেন কোনো কথা নেই যা বলেননি। অথচ পরবর্তীতে সেই জামায়াতের কাছেই এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। রাশেদ খাঁন নিজেকে দূরদর্শী দাবি করে বলেন, তিনি আগে থেকেই জানতেন যে আদর্শচ্যুত ও বাম-শিবির ভাবধারার নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত জামায়াতের কাছেই বিক্রি হবেন, আর এই কারণেই তিনি তখন তাদের পাতা ফাঁদে পা দেননি।