1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানের গীতিকার জবান আলী আর নেই ফরাসি বিপ্লব, জিদানের অমরত্ব এবং রোনালদো-রহস্য ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব-পাকিস্তান বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ ঈদে আইসক্রিম বিক্রি হতে পারে ৫০০ কোটি টাকার সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ পঞ্চগড়ে পথের ধারে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা ভিডিও বানাতে রেস্তোরাঁ থেকে কি টাকা নেন রাফসান দ‍্য ছোট ভাই? ইরান যুদ্ধ কীভাবে ‘লিটল স্পার্টা’র উচ্চাকাঙ্ক্ষা ভেঙে দিল

‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল উল্লেখ করে নিজে ওই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে দাবি করেছেন ওই সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।

ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান, তিনি অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমিও বলেছি, কিচেন কেবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।’

এমনকি জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি সই করেছিল সে বিষয়ে কেউ এনসিপির মতামত নেয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এনসিপির এ মুখপাত্র।

সরকারে ‘কিচেন কেবিনেট’ বলে আনুষ্ঠানিক কোনো ফোরাম নেই। তবে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের বিশ্বস্ত কিছু সহকর্মী নিয়ে গঠিত বিশেষ গোষ্ঠীকে ‘কিচেন কেবিনেট’ বলা হয়। যে বিশেষ গোষ্ঠীটি সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে থাকে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে সেই ‘কিচেন কেবিনেট’ এর বিষয়টি সামনে আনেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ওই সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাত সদস্যের একটি ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেখান থেকেই আসতো। তারা প্রতি মঙ্গলবার যমুনায় (সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন) বৈঠকে বসতেন। এদের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সরকারের অস্বস্তির কথা ভেবে তা আর সম্ভব হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারে ছাত্র-তরুণদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টার শপথ নেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতে তিনি ক্রীড়া উপদেষ্টা হলেও পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেন।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিষয়ে সাবেক ইউনূস সরকারের এ উপদেষ্টা বলেন, আমরা মনে করি, এই চুক্তিটা বিএনপিই করেছে, কিন্তু সংসদ নির্বাচনের তিনদিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে (খলিলুর রহমান) দিয়ে তারা এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন একটা পলিটিক্যাল ব্লেম গেম চলছে।

সাবেক এ উপদেষ্টা বলেন, অনেকেই বলেন, বাণিজ্যচুক্তি সম্পর্কে সব দলকেই জানানো হয়েছে। আমি আমার দলের আহ্বায়কসহ সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, চুক্তির বিষয়ে কেউ এনসিপির কনসার্ন নেয়নি। এটা আমি পরিষ্কারভাবে জানাচ্ছি।

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘চুক্তি করেছেন বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। যদি অন্য কিছু হয়, তাহলে আপনারা এ চুক্তি পর্যালোচনা করুন, বাতিল করুন। চুক্তির যে অংশগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, বাংলাদেশের স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় আলোচনা করুন।

আসিফ মাহমুদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামায়াতের ওপর দায় দিতে চান। চুক্তি করেছে আপনাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। এ ব্লেম গেমের রাজনীতি, মানুষকে ভুলের মধ্যে রাখার চেষ্টা থেকে বের হয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদের মধ্যে এনসিপি নেতা আলাউদ্দীন মোহাম্মদ ও এস এম সাইফ মোস্তাফিজসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun