চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে। সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার বেলা ১১টার দিকে শহরের মুনিরা ভবনের হলরুমে এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অর্থের অভাবে যাতে কোনো মেধাবীর শিক্ষা ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের বলেন, এই অনুদান কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, সৎ ও মানবিক গুণসম্পন্ন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বক্তারা দেশের উন্নয়নে শিক্ষিত ও মেধাবী তরুণদের ভূমিকার ওপর আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।