আসন্ন ফিফা বিশ্বকাপ মাঠের লড়াইয়ে গড়ানোর আগেই বড় ধরনের একটি দুঃসংবাদ শুনতে হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। দলের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মারাত্মক ইনজুরির কবলে পড়েছেন, যা আলবিসেলেস্তে শিবিরে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (৩০ মে) সকালে সম্পন্ন হওয়া মেডিকেল টেস্টের রিপোর্টে এই ফুটবলারের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গুরুতর এই চোটের কারণে লিয়ান্দ্রো পারেদেসের বিশ্বকাপ ভাগ্য এখন অনেকটাই অনিশ্চিত। টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টিনার যে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো রয়েছে, সেগুলোতে তো তিনি অংশ নিতে পারছেনই না, এমনকি আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের মূল আসরে নিজেদের প্রথম ম্যাচেও তার মাঠে নামা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
এই অভিজ্ঞ মিডফিল্ডার মূলত ইনজুরিতে পড়েছেন ঘরোয়া ক্লাব ফুটবলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে। সম্প্রতি কোপা লিবার্তাদোরেসের হাইভোল্টেজ ম্যাচে ইউনিভার্সিদাদ ক্যাতোলিকার মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স। সেই ম্যাচে হেরে বোকা জুনিয়র্স টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং ওই মাঠেই চোট পান পারেদেস। পুরো ম্যাচ চলাকালীন সময়েই তাকে বেশ অস্বস্তি নিয়ে মাঠে লড়াই করতে দেখা গিয়েছিল।
ঐ ম্যাচের পর আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের শারীরিক অবস্থা ও চোটের বিষয়টি খোলামেলাভাবে স্বীকার করেন লিয়ান্দ্রো পারেদেস। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, পুরো সপ্তাহ জুড়েই তিনি হ্যামস্ট্রিংয়ের টানের সমস্যায় ভুগছিলেন। তবে দলের এমন একটি গুরুত্বপূর্ণ ও বাঁচা-মরার ম্যাচ কোনোভাবেই মিস করতে চাননি। কোচ তাকে সততার সাথে নিজের শারীরিক কন্ডিশন জানাতে বলেছিলেন এবং নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ সামনে বিশ্বকাপের মতো অনেক বড় আসর রয়েছে। কিন্তু দলের প্রতি আবেগের কারণে তিনি শেষ পর্যন্ত মাঠ ছেড়ে যেতে পারেননি।
প্রাথমিকভাবে শুক্রবার লিয়ান্দ্রো পারেদেসের এই সমস্যাটিকে সাধারণ পেশির টান বা সাধারণ চোট হিসেবে মনে করা হয়েছিল। তবে শনিবার সকালে করানো উন্নত স্ক্যান রিপোর্টের ফলাফল আসার পর জানা যায় যে, তার পায়ের পেশি ছিঁড়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে দলের এই গুরুত্বপূর্ণ তারকার এমন ইনজুরি আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টকে এখন বেশ চিন্তায় ফেলে দিয়েছে।