1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

কৃষি টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৩১ মে, ২০২৬

কৃষিকে যুগোপযোগী ও লাভজনক খাতে পরিণত করতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর-রশীদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগরে কৃষি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিখাতের উন্নয়নে যে নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি ব্যবস্থা, উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের কর্মশালা ও সেমিনার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানাতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তাদের কৃষিখাতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফদা লিমিটেড কম্পানি ও ইফাদা এগ্রোর পরিচালক এইচ এম আমজাদ হোসেন, জাপান প্রবাসী সাজ্জাত হোসেন সজিব, দস্তগীরে রাসেল, রুহুল আমিন, শরিফ খান ফার্মেসি স্বত্বাধিকারী- সাইফুল ইসলাম, রবিউল আউয়াল টিপু, মাহবুবুর রহমান ইমরান, সাইফুল ইসলাম, আলী জাফর, লেডিস কালেকশনের মালিক সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, ওবায়দুল্লাহ, আমিনুলসহ আরো অনেকে। 

কর্মশালায় অংশগ্রহণকারী ১২০ জন উদ্যোক্তা নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক ব্যবসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা কৃষিকে আরো সমৃদ্ধ ও টেকসই করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun