1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিজ্ঞান মানবসভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করবে : রংপুর বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন,বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। আর সেই জ্ঞানের বাস্তব প্রয়োগই মানবসভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে। গবেষক ও চিন্তাবিদরা তাঁদের মেধা ও শ্রমের সমন্বয় ঘটিয়ে মূল কার্যক্রমের মধ্য দিয়ে উদ্ভাবন করে থাকেন। সেই উদ্ভাবনগুলোই মানব কল্যাণে বা মানবতার কল্যাণে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান চর্চায় আরো মনোযোগী হতে হবে এবং এমন উদ্ভাবন করতে হবে যা দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি বৈশ্বিক মানবকল্যাণেও অবদান রাখতে পারবে।

বিভাগীয় কমিশনার বিজ্ঞান মেলা প্রসঙ্গে বলেন, বিজ্ঞানের এই যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি প্রয়োগ করার জন্য এই ধরনের মেলা খুবই প্রয়োজন। তিনি মেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে নিজেদের এগিয়ে নিতে এই চর্চা অব্যাহত রাখতে হবে। প্রশাসন এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার বলেন, বিজ্ঞান সপ্তাহের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে অনুপ্রাণিত করা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে বিশ্ব আজ একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তিতে পারদর্শী হওয়ার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় ৪৩টি স্টল স্থান পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun