1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কারাবন্দীদের ফুটবল বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন পুরো বিশ্বজুড়ে। টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও লেগেছে বিশ্বকাপের সেই আনন্দের ছোঁয়া। আসন্ন ফুটবল বিশ্বকাপ খেলা দেখার সুবিধার্থে টাঙ্গাইল কারাগারে বন্দীদের ফুটবলের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক শরীফা হক।

কারাগার সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকা মহাদেশে চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন, সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বাসস’কে জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টি টেলিভিশন সচল রয়েছে। বন্দিদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ৩২ ইঞ্চি পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। এরফলে বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে বন্দীদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই উদ্যোগের ফলে বন্দীদের মানসিক অবস্থার উন্নতির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক বাসস’কে জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে বন্দিরা অনুরোধ করেন, তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার জন্য। একজন স্বাভাবিক মানুষের মতই কারাবন্দিদের অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরীক হওয়ার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে টেলিভিশন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun