1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংসদ সদস্য ওয়াহাবের সঙ্গে মউক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশের অষ্টম বিভাগীয় নগরী ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহকে একটি পরিকল্পিত আবাসিক নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন মউক চেয়ারম্যান।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নগরীর বাগানবাড়ী এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

এ সময় সংসদ সদস্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা বিএনপি’র সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন দায়িত্বপ্রাপ্ত মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরী গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসাবে গড়ে তুলতে। এক্ষেত্রে প্রশাসনসহ সকল পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’

জানা যায়, ১১ জুন রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে মোতাহার হোসেনকে মউকের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই আদেশটি জনস্বার্থে কার্যকর করা হয়েছে।

এরআগে চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল।

উল্লেখ্য, মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর কাছে পরাজিত হন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun