ঝিনাইদহ জেলা শহরের পাশে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইনও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ঝিনাইদহ জেলা রেল লাইনও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা এ্যাড. আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হলেও তা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় করা হচ্ছে। এতে জেলার অন্য ৫টি উপজেলার মানুষের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেডিকেল কলেজের সেবা নিতে হবে। যা ব্যয় ও কষ্টসাধ্য। অবিলম্বে এই ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।