কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল, কুষ্টিয়ার উদ্যোগে সদর উপজেলার হাউজিং ই ব্লক ও মোল্লাতেঘরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ রুদ্র শেখ (১৯), মিলপাড়া এলাকার বাসিন্দা; মোঃ তন্ময় (২৫), মোল্লাতেঘরিয়া এলাকার বাসিন্দা এবং মোঃ রনি ইসলাম (২৫), হাউজিং ই ব্লকের বাসিন্দা।
অভিযান শেষে পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাহমিদ মোস্তফা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে আসামিদের যথাক্রমে ৬ মাস, ২ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।