ফেনীতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন আজ উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচগাছিয়া, ধলিয়া ও ছনুয়ার তিন বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
সকাল ৯টায় পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় ধলিয়া ইউনিয়নের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকাল ১১টায় ছনুয়া ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, উপজেলা নির্বাহী প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত ও সদর উপজেলা শিক্ষা অফিসার খালেদা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল,পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘উন্নয়ন শুরু হয়েছে, সামনে উন্নয়ন হতে থাকবে। উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমি অতীতে উন্নয়ন করেছি। সামনেও উন্নয়ন করে যাবো।’
তিনি আরো বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের শিক্ষার জন্য বাড়ী থেকে বিদ্যালয়ে নিয়ে আসুন। সন্তানদের উচ্চ শিক্ষা দিন। বাচ্চাদের ঠিকমত বিদ্যালয়ে পাঠাবেন।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্র জানায়, ১ কোটি ১১ লাখ ৩৫ হাজার ২২ টাকা ব্যয়ে পাঁচগাছিয়ার মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৯শ’ ৭৭ টাকা ব্যয়ে ছনুয়ার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯১ লাখ ৪১ হাজার ৪শ’ ৭০ টাকা ব্যয়ে ধলিয়ার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়।