1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবিকে প্রেসিডেন্টের নির্দেশনা আশুগঞ্জ সার কারখানা সচলের দাবিতে মানববন্ধন ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রামে পরোয়ানাভুক্ত অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তারে বাধা, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশসহ ৫ হাসপাতালে বিদ্যুৎ সংকট: অস্ত্রোপচার ও জরুরি সেবায় চরম ভোগান্তি তুরস্কে বসছে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম উচ্চপর্যায়ের বৈঠক রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩ ওপেনএআইয়ের ভেতরে এআই এজেন্টদের গোপন জোট, সিস্টেম নিয়ন্ত্রণে নজিরবিহীন তৎপরতা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের বিক্ষোভ গুগল ম্যাপে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের যে দক্ষতাগুলো অর্জন জরুরি

আশুগঞ্জ সার কারখানা সচলের দাবিতে মানববন্ধন ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রায় দেড় বছর ধরে উৎপাদন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আধুনিকায়নের মাধ্যমে পুনরায় সচল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা কারখানাটি দ্রুত সচল করার পাশাপাশি এর পূর্বনাম ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ পুনর্বহালের জোর দাবি জানান।

কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া এবং অফিসার্স ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেত্রী জয়ন্তী বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী, উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহআলম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কুদ্দুস অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১০ সালের পর থেকে একটি মহল গ্যাস রেশনিংয়ের অজুহাতে কারখানাটি বন্ধ রেখে সার আমদানিতে লিপ্ত হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কারখানাটি যান্ত্রিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছরের ১ মার্চ থেকে কারখানাটি পুরোপুরি বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মূলত গ্যাস সংকটের কারণে ২০১০ সালের পর থেকে বছরের বেশিরভাগ সময় উৎপাদন ব্যাহত হয়েছে। বক্তারা সারের আমদানি-নির্ভরতা কমাতে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন ও স্বাভাবিক গ্যাস সরবরাহের মাধ্যমে দ্রুত সচল করার আহ্বান জানান।

কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা শাখা বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সিএনজি, ট্রাক ও রিকশা মালিক সমিতি এবং আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতারা একাত্মতা প্রকাশ করেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবার স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun