বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভোদয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই আয়োজন শুরু হয়। প্রথাগত রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশের লক্ষ্যেই সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে।
আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের কাছে শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই মাত্র ৪৮ টাকায় বিক্রি করা হয়। প্রতিটি বইয়ের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয় একটি করে গাছের চারা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবং যুবসমাজের মধ্যে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রতীকী মূল্যের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
কর্মসূচি সম্পর্কে শুভোদয়ের প্রধান সমন্বয়ক জাহিদ হাসান শাকিল বলেন, তরুণ প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে নিয়মিত বই পড়ার মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, শিক্ষার্থীদের কাছ থেকে এমন ইতিবাচক সাড়া পেয়ে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও সমাজগঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই হিসেবে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত মঙ্গলবার। প্রতিষ্ঠাবার্ষিকীর রেশ ধরে বুধবার ক্যাম্পাসে এই ব্যতিক্রমী কার্যক্রমটি পরিচালনা করা হয়, যা গ্রন্থাগার এলাকায় উপস্থিত শিক্ষার্থী ও তরুণ পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।