জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাতরাশ বৈঠকে মিলিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বৈশ্বিক জনহিতকর ও মানবিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরের কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ এই প্রাতরাশ বৈঠক। এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
এই প্রাতরাশ বৈঠকের পরপরই প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে যোগ দেন। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক এই অনুষ্ঠানে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া নির্ধারিত সূচি অনুযায়ী আজ ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক আরেকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি হবে তাঁর প্রথম বক্তব্য। এবারের সফরে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।