হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দর এলাকায় লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আখতারুজ্জামান এবং তাকে হুমকি প্রদান করেন। এ ছাড়াও সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দিলে এক নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর সঙ্গে মারমুখী আচরণ ও জমজমের পানির বোতল ছুড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তদন্তের স্বার্থে অভিযুক্তকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।
উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আখতারুজ্জামানকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে বিমানবন্দর থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শনিবার তাকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর রবিবার আদালতে হাজির করা হয়।