1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম

ব্লু স্কাই স্কুল পরিদর্শন: ব্যয় কমাতে শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন। রোববার এই পরিদর্শনের পর শিক্ষামন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয় যে, মন্ত্রী প্রতিষ্ঠানটির উচ্চ টিউশন ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা কমানোর পরামর্শ দিয়েছেন। অটিস্টিক শিশুদের সহায়তায় নিয়োজিত এই স্কুলে বিশেষায়িত শিক্ষার ব্যয়বহুল দিকটি বিবেচনায় নিয়ে ভর্তি প্রক্রিয়া সহজতর করার ওপর জোর দেন তিনি। কোন কোন ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক ১ জনকে দেখাশোনা করেন।

পরিদর্শনকালে ড. এহছানুল হক মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন যেন স্কুলটির সুবিধাদি বৃদ্ধির পাশাপাশি সাধারণ পরিবারের সন্তানদের জন্য ভর্তি কার্যক্রম আরও সহজ করা যায়। প্রতিষ্ঠানটির ব্যয় হ্রাসের বিষয়েও তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। মন্ত্রী ব্যাখ্যা করেন, অটিস্টিক শিশুদের বিশেষ চাহিদা পূরণে একজন শিক্ষক সাধারণত পাঁচজনের বেশি শিক্ষার্থী সামলাতে পারেন না। এমনকি বিশেষ প্রয়োজনে এখানে একজন শিক্ষক মাত্র একজন শিক্ষার্থীকে নিবিড় তত্ত্বাবধানে রাখেন, যা স্কুলটির পরিচালনার ব্যয় অনেক বাড়িয়ে দেয়। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্কুলটির কিছু ক্লাসে একজন ছাত্রের বিপরীতে একজন শিক্ষকও আাছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্কুলটির শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষাকার্যে সম্পৃক্ত করার কথা জানান মন্ত্রী। তিনি মনে করেন, আধুনিকায়ন ও উন্নত বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে অটিজম সংক্রান্ত চ্যালেঞ্জগুলো আরও দক্ষতার সাথে মোকাবেলা করা সম্ভব হবে। স্কুলটিকে সরকারি সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠ সংলগ্ন এই স্কুল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টার্সের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমডোর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun