জর্ডানের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (আরআইএসএসসি) বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের নতুন তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন স্থান করে নিয়েছেন। এই প্রকাশনায় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে।
তালিকায় স্থান পাওয়া আরেকজন হলেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেন। নারীর অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায় দীর্ঘদিনের নিরলস অবদানের জন্য তিনি এই তালিকায় নিয়মিত স্থান পেয়ে আসছেন। আরআইএসএসসির ভাষ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনসংখ্যার ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক এবং আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা যাচাই করে এই তালিকাটি প্রতিবছর প্রস্তুত করা হয়।
তালিকায় অন্তর্ভুক্তির নিয়ম অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয়। তালিকার বাকি ৪৫০ জনকে কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। এবারের প্রকাশিত এই তালিকায় বাংলাদেশ থেকে যারা স্থান পেয়েছেন, তাঁরা সকলেই এই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের অংশ হিসেবে জায়গা পেয়েছেন।