রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে গেলে তাদের দুজন কর্মী আহত হন। আহত ফায়ার ফাইটাররা হলেন ৩২ বছর বয়সী জয় রায় এবং ২৬ বছর বয়সী আজহারুল।
ঘটনার বিষয়ে লালবাগ ফায়ার সার্ভিসের সদস্য এনামুল হক জানান, ইসলামবাগের প্লাস্টিক গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে আগুন নেভানোর কাজ করার সময় এই দুই কর্মী আহত হন। পরবর্তীতে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের আহত দুই সদস্যকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।