বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও শক্তিশালী করতে ইউরোপের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের সাথে চূড়ান্ত চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে নতুন করে ১০টি উড়োজাহাজ সংগ্রহ করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।
বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ।
চুক্তির আওতাধীন উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি উড়োজাহাজ, যা দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে পরিচালনা করা হবে। পাশাপাশি আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে ব্যবহারের জন্য থাকবে ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ। নতুন এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে বিমানের আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।