1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মাদক ছেড়ে তরুণদের খেলাধুলায় আসার আহ্বান এমপি সান্টুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) উজিরপুরের বামরাইল এইচ এম ইনস্টিটিউশন কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।’ তিনি আরও বলেন, তরুণরা সুস্থ থাকলে তবেই তারা আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কার্যকর সহযোগিতা করতে পারবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবনের নিশ্চয়তায় খেলাধুলার মাধ্যমে তাদের উদ্বুদ্ধ ও সচেতন করে গড়ে তোলা জরুরি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান ও উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী তরুণরা এসময় মাঠে উপস্থিত ছিলেন। এ সময় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদুল বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।

টুর্নামেন্ট উদ্বোধনীর আগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সান্টু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বার্তা দেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জমি দখলকারী ও জুয়াড়িদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা চলবে না। অপরাধী যেই হোক এবং তার পেছনে যত বড় প্রভাবশালীই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে কোনো প্রকার তদবির বা সুপারিশ বরদাশত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও ইভ টিজিং দমনে বিশেষ গুরুত্ব দিয়ে এমপি সান্টু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের আড্ডা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের পুলিশের টহল জোরদার এবং ব্যাংক ও জনাকীর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এমন কোনো গুজব যেন কেউ না ছড়ায়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয়দের সতর্ক থাকতে বলেন।

পুলিশের কার্যক্রম প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, পুলিশ একা অপরাধ দমনে সক্ষম নয়, তাই বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংকে আরও গতিশীল করতে হবে। সাধারণ মানুষ থানায় গিয়ে যেন কোনো হয়রানির শিকার না হন এবং পুলিশ যেন জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun