ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা বা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক এই বোমাটি ব্যবহারের বিষয়টি এমন এক সময় সামনে এল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু হতে পারে।
মার্কিন সামরিক বাহিনীর পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, যখনই কোনো সামরিক কৌশল তৈরি করা হয়, তখন নীতিনির্ধারকদের সামনে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের বিভিন্ন বিকল্প রাখা হয়। সেই ধারাবাহিকতায় গভীর মাটির নিচে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য এই বিশাল আকারের বোমাটিকে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, “মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুগুলোর জন্য বড় বোমার প্রয়োজন হয়, আর ‘মাদার অফ অল বম্বস’ হলো সবচেয়ে বড় বোমা।”
তবে খোদ মার্কিন সামরিক বাহিনীর মধ্যেই এই বোমাটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশ মনে করছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই অস্ত্র কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখলেও, ইরানের পিকাক্স পর্বতে অবস্থিত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য এটি যথেষ্ট নাও হতে পারে। এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। আল আরাবিয়ার সৌজন্যে পাওয়া এই তথ্য নিয়ে আন্তর্জাতিক মহলে এখন জোর আলোচনা চলছে।