গাজীপুরের শ্রীপুরে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনটি মুঠোফোন ও নয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পেপসি এমপি চেকপোস্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আরিফ হোসেন (৩৭)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৩৫), হামিদুল (৩২) ও রাজিব কাজী (২৮)। তাঁদের বাড়ি বরগুনা ও পটুয়াখালী জেলায়।এসআরবি সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ঢাকায় যাওয়ার পথে একটি প্রাইভেটকারে আরিফ হোসেনকে অপহরণ করা হয়। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির মাসিক সভায় যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন।
অপহরণের প্রায় দুই ঘণ্টা পর সকাল ৮টা ৩৫ মিনিটে অপহরণকারীরা আরিফের স্ত্রী তানিয়া আক্তারকে ফোন করে মুক্তিপণ ও চাঁদা দাবি করেন। পরে তিনি শ্রীপুর থানায় অভিযোগ করেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ি, গাজীপুর কার্যালয়েও লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর এসআরবি-১ অধিনায়কের নির্দেশে অভিযানে নামে একটি দল। বিভিন্ন তথ্যসূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে আরিফকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় আরিফের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। ২ নভেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৬৫, ৩৮৫ ও ৩৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ০২/২৬।গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।