চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর ডিসি ইকোপার্কের গাছ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েও সরকারি নির্ধারিত মূল্য না পাওয়ায় তা সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ডিসি ইকোপার্কের ভেতরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশ নেওয়া কাঠ ব্যবসায়ীদের সর্বোচ্চ দর ছিল ১ লাখ ২০ হাজার টাকা, যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম। ফলে গাছগুলো বিক্রি না করে নিলাম প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়।
এর আগে নিলামের বিজ্ঞপ্তি হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছিল।জানা গেছে, কয়েক মাস আগে এই ইকোপার্কের ২৯টি গাছ ২ লাখ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করেছিল উপজেলা প্রশাসন। তবে গাছ কাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় সে সময় ক্রেতার জামানত বাজেয়াপ্ত করা হয়। এরপর পুনরায় গাছ বিক্রির জন্য নতুন করে নিলামের ডাক দেওয়া হলে এই অচলাবস্থা তৈরি হয়।
নিলাম চলাকালে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা প্রশাসনের নাজির, আনসার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকা থেকে আসা কাঠ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিলামে অনেকেই অংশ নিয়ে গাছের দর হেঁকেছেন। তবে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ব্যবসায়ীদের সর্বোচ্চ দর কম হওয়ায় আপাতত নিলাম স্থগিত রাখা হয়েছে।