গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ধাক্কা দিয়েছে শ্রমিকবাহী একটি বাস। এতে বাসচালকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বাস চালকের একটি পা ভেঙে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের ভূতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার টি এম টেক্সটাইল মিলের শ্রমিক পরিবহনের বাসটি সকালে শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৪২ জন শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। ভূতুলিয়া এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিবুর বলেন, বাসটির এক্সেলেটর ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের একটি বাড়িতে ধাক্কা দেয়। এতে চালকের একটি পা ভেঙে গেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে জানতে টি এম টেক্সটাইল মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।