ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে তাঁদের অবরোধের কারণে মহাসড়কের সফিপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তাঁরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও শিল্প পুলিশের সদস্যরা। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।