1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর লক্ষ্যে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের দক্ষ করে তোলা হবে। শ্রেণিকক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) কার্যকর ব্যবহার এবং আধুনিক পাঠদান পদ্ধতি ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এর আগে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। পাঁচ দিনের এ প্রশিক্ষণে কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান—প্রতিটি বিষয়েই প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার সম্পর্কে ধারণা থাকা জরুরি। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থায় পরিবর্তন আনছে। বাংলাদেশে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের অভাবসহ নানা চ্যালেঞ্জ থাকলেও এ ক্ষেত্রে পিছিয়ে থাকার সুযোগ নেই। সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন।উপাচার্য আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং আধুনিক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোর ট্রেইনার ও পরবর্তী সময়ে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসবে এবং অধিভুক্ত কলেজগুলোর প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উপকৃত হবে।অধ্যাপক আমানুল্লাহ বলেন, পিছিয়ে থাকা কলেজগুলোতে কম্পিউটার ও প্রজেক্টর সরবরাহসহ প্রয়োজনীয় আইসিটি সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউনিসেফ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।তিনি আরও বলেন, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবেই অ্যাপ্লাইড আইসিটির এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ ফাহমিদা শবনম উপস্থিত ছিলেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun