গাজীপুরের কালিয়াকৈরে এক দিনে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালটন কারখানার মালামাল পরিবহনের জন্য কাভার্ড ভ্যানটি কয়েক দিন ধরে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।এর আগে একই দিন ভোরে কালিয়াকৈরে একটি আজমেরী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রা এলাকায় একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। সব মিলিয়ে সোমবার এক দিনেই কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।