গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকায় একটি কারখানার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।তিনি আরও জানান, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।