গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি সন্দেহজনক বস্তু ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রাখে। সেটি বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য, লাল রঙের বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো। এর গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখার পাশাপাশি ‘এমকে ডট’ লেখা রয়েছে। বস্তুটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এ নিয়ে আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তুটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।