গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার ওই বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হকের ওই বাড়িটি পুরোনো টিনশেডের। বাড়িটির পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে। ভবনটি ভাড়া দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত টিনশেড বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে পাশের আটতলা ভবনটি অক্ষত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কারা এবং কী কারণে বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া ও তাঁদের ওপর হামলার নির্দেশনা দিতে শোনা গেছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।