গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানার সামনে আসেন। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা মহাসড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে যান। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সরিয়ে দেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।