শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকার ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার (১৬ নভেম্বর) থেকে এসব কারখানার উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে আলিফ কম্পোজিট লিমিটেড, ফোর্টিস গার্মেন্টস লিমিটেড, ইউক্রেডিবল ফ্যাশন লিমিটেড, স্টারলিং ডিজাইন লিমিটেড, এরো স্পোর্টস ওয়্যার লিমিটেড, গ্লোবাস ফ্যাশন লিমিটেড, নিট প্লাস ফ্যাশন লিমিটেড, লিরিক ফ্যাশন লিমিটেড, রোমা ফ্যাশন লিমিটেড, জালো স্পোর্টস ওয়্যার লিমিটেড, জালো নিট কম্পোজিট লিমিটেড, ফ্যাশন ফ্লো লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ইন্টারস্টপ অ্যাপারেলস, করণী নিট কম্পোজিট, ডিভাইন গ্রুপ লিমিটেড, লিডা ফ্যাশন লিমিটেড, লিজ ফ্যাশন লিমিটেড, এপেক্স কোল্ডিং লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড এবং ইকো গ্রুপের ইকো নিটস লিমিটেড।সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যে বিভিন্ন কারখানায় বহিরাগত ব্যক্তিদের প্রবেশ, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কারখানার সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি শ্রমিক ও কর্মকর্তারাও আহত হয়েছেন।এ অবস্থায় কারখানার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষগুলো কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এসব কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন ২২টি পোশাক কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।