গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সফিপুর এলাকায় ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টার সময় বিপ্লব চৌধুরী ও আব্দুল মান্নানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালিয়ে মিরাজ হোসেন ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে নিক্ষেপ করা পেট্রলবোমার ভাঙা কাচের টুকরাও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।