গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে গবেষণায় মৌলিকত্ব, উদ্ভাবন, প্রকাশনা-নৈতিকতা ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন অনুষদের শিক্ষকেরা অংশ নেন। ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ইন্টেগ্রিটি: ফস্টারিং এথিক্যাল অ্যান্ড রেসপনসিবল রিসার্চ অ্যাট গাকৃবি’ শীর্ষক প্রশিক্ষণটি চারটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী। প্রথম অধিবেশনে গবেষণার গুণগত মান, উদ্ভাবন ও বৈশ্বিক গবেষণা-মানদণ্ড নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। তিনি গবেষণায় মৌলিকত্ব, উদ্ভাবনী চিন্তা, পদ্ধতিগত উৎকর্ষ, মানসম্মত প্রকাশনা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ওপর গুরুত্ব দেন। দ্বিতীয় অধিবেশনে টেকসই উন্নয়নে দায়িত্বশীল কৃষি গবেষণার অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুসহিষ্ণু প্রযুক্তির উদ্ভাবন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কৃষকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গবেষণা পরিচালনার আহ্বান জানান। তৃতীয় অধিবেশনে গবেষণার সততা, প্রকাশনা-নৈতিকতা ও দায়িত্বশীল লেখকত্ব নিয়ে আলোচনা করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান। তিনি গবেষণার তথ্যের যথার্থতা ও মৌলিকত্ব বজায় রাখা, চৌর্যবৃত্তি পরিহার এবং গবেষণাপত্রে যথাযথ উদ্ধৃতি ও স্বচ্ছ লেখকত্ব নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। চতুর্থ অধিবেশনে গবেষণার স্বচ্ছতা, পুনরুৎপাদনযোগ্যতা ও জবাবদিহি নিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। তিনি গবেষণার তথ্য, পদ্ধতি ও ফলাফল যথাযথভাবে সংরক্ষণ এবং অন্য গবেষকদের জন্য তা যাচাইয়ের সুযোগ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রতিটি অধিবেশন শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষকেরা গবেষণার বিভিন্ন চ্যালেঞ্জ, নৈতিক জটিলতা ও প্রকাশনাসংক্রান্ত বিষয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকেরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ও নৈতিক গবেষণাচর্চার পরিবেশ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে গাকৃবির গবেষণার মান ও গ্রহণযোগ্যতা বাড়াতে এটি ভূমিকা রাখবে।