ডাকসু ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, রোববার রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অপচেষ্টা চালায়। তিনি এই কর্মকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ধারাবাহিকভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকেই তিনি প্রধানত দায়ী করেছেন। সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত দিতে হবে বলে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এখন আর নীরব থাকার সুযোগ নেই।
এর আগে রোববার ভোরে নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার কথা জানান সাদিক কায়েম। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে সন্ত্রাসীরা পেট্রোল বোমা ও কেরোসিন ব্যবহার করে বাড়িতে আগুন ধরানোর চেষ্টা চালায়। সেই সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল, তবে এলাকাবাসীর সহায়তায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়। আল্লাহর রহমতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।