তৈরি পোশাক খাতে বিদ্যমান অস্থিরতা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী দাবি করেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ ও শিল্পখাতকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে সড়কে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং এই খাতের উন্নয়নে শতভাগ আন্তরিক বলে উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ বলেন, সরকার পোশাক ও শ্রমিকবান্ধব বাজেট দেওয়ার পরও যে অস্থিরতা দেখা যাচ্ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে একটি মহল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। এছাড়া, পোশাকশিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, পোশাক খাত সুরক্ষার দায়ভার কেবল সরকার বা মালিকপক্ষের নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশৃঙ্খলা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি স্মরণ করিয়ে দেন যে, আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে সমাদৃত। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতিগত সহায়তায় এই শিল্প বিকাশের ধারা বেগবান হয় এবং বিএনপি সরকার বরাবরই শ্রম অধিকার নিশ্চিতে সচেষ্ট ছিল।
দেশের রপ্তানি পরিসংখ্যান তুলে ধরে শামা ওবায়েদ জানান, গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে এসেছে প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। অভিবাসীদের অধিকার রক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। চলতি অর্থবছরে শ্রমিক ও পোশাকশিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে। গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নীতিমালা পথ দেখালেও গবেষণাই মূল ভিত্তি তৈরি করে।
অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বৃদ্ধির অনুমোদন পাওয়ার বিষয়টিকে বৈশ্বিক আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তিনি। এ অর্জনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে কাজ করবে।
গবেষণার গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্তই আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা ও বিনিয়োগ আলোচনায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। কোনো শ্রমিকের জীবিকার প্রয়োজনে জীবন ঝুঁকির মুখে পড়বে না—এমন নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা জরুরি। কেবল জীবিকা নির্বাহের জন্য কোনো শ্রমিককে যেন নিজের জীবন বা স্বাস্থ্যের ঝুঁকি নিতে না হয়—এ লক্ষ্যেই গবেষণা ও তথ্য-প্রমাণ কাজে লাগিয়ে নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি বলেন, একটি জাতির প্রকৃত সমৃদ্ধি সুউচ্চ অট্টালিকায় নয়, বরং তা পরিমাপ করা হয় যারা এসব স্থাপনা নির্মাণ করেন তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে।