1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আসহাবুল ইয়ামিন মৃত্যু মামলা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের মধ্যে অগ্রিম বুকিংয়ের হিড়িক

শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে এক গ্রাম্য মাতবরের বাড়ির প্রধান ফটকের সামনে রহস্যজনকভাবে খড় দিয়ে তৈরি একটি পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে দুর্বৃত্তরা। পুতুলটির শরীরে জড়ানো ছিল কাফনের মতো সাদা কাপড়। বুকে গোঁজা ছিল বেশ কয়েকটি বেলপাতা। আশপাশে ছড়িয়ে রাখা হয়েছিল লাল রং। এ ছাড়া মাটিতে আঁকা ছিল বৃত্ত ও ক্রস চিহ্ন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে। পুতুলটি দেখতে বাড়িটিতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিষগুড়ি গ্রামে আলী হোসেন (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ির ফটকের সামনে পুতুলটি দেখতে পান পরিবারের সদস্যরা। আলী হোসেন ওই গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে প্রায় ১০ বছর ধরে তিনি নিজ বাড়িতে বসবাস করছেন। তাঁর তিন মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। আলী হোসেন বলেন, শনিবার রাত আটটার দিকে বাড়িতে ঢুকে প্রধান ফটক বন্ধ করে দেন তিনি। এরপর আর বাইরে বের হননি। রোববার সকালে ফজরের নামাজ পড়ে ফটক খুলতে গিয়ে অদ্ভুত দৃশ্যটি দেখতে পান। বাড়ির ফটকের সামনে আটা বা ময়দা দিয়ে বড় একটি বৃত্ত আঁকা ছিল। এর ভেতরে ক্রস চিহ্ন দিয়ে তার ওপর খড়ের তৈরি পুতুলটি রাখা হয়। পুতুলটির গায়ে সাদা কাপড় জড়ানো ছিল। বুকে গোঁজা ছিল ১৫ থেকে ২০টি বেলপাতা। সাদা কাপড়ের ওপর লাল রঙের দাগ দেওয়া ছিল। পুতুলটির বাঁ হাত ও বাঁ পা বাঁধা ছিল। পাশে পড়ে ছিল গোলাপজলের একটি বোতল ও আগরবাতির প্যাকেট। আগরবাতি জ্বালানোর চিহ্নও দেখা গেছে।আলী হোসেন বলেন, ‘আমি ও আমার স্ত্রী বাড়িতে থাকি। গ্রামের কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই। কে বা কারা কী উদ্দেশ্যে এমন কাজ করেছে, তা বুঝতে পারছি না। সকালে বিষয়টি দেখার পর থেকেই মানুষজন বাড়িতে আসছেন। কেউ বলছেন জাদুটোনা, কেউ বলছেন শত্রুতার কারণে ভয় দেখানোর চেষ্টা। এসব কথা শুনে আমরাও চিন্তিত।’ তিনি আরও বলেন, তাঁর বাবা এলাকায় সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামের বিভিন্ন সামাজিক আয়োজনে তাঁকেও ডাকা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দায়িত্ব দিলে তিনি ছোটখাটো বিরোধের মীমাংসাও করেন। তবে এ নিয়ে কারও সঙ্গে বিরোধ তৈরি হয়নি বলে দাবি তাঁর। প্রতিবেশী সুফিয়া খাতুন (৬০) বলেন, পুতুলটির অবস্থা দেখে তাঁর মনে হয়েছে, কেউ জাদুটোনা করার উদ্দেশ্যে এটি রেখে গেছে। অন্যদিকে গ্রামের কয়েকজন বাসিন্দা ঘটনাটিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা হিসেবে দেখছেন। শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে বাড়ির ফটকের সামনে এমন অস্বাভাবিক জিনিস রেখে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামে আতঙ্কের পাশাপাশি নানা কৌতূহল তৈরি হয়েছে। এর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছে, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি প্রথম জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ ফিরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun