ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণা দিলেও সরকার এ নিয়ে কোনো চাপে নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনার ফেরা ও সরকারের অবস্থান
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এ উপলক্ষে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ—এগুলোতে আমাদের কোনো মনোযোগ নেই।
তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে সেখানে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।
প্রত্যর্পণ ও আইনি প্রক্রিয়া
- স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে এবং তারা আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
- পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, এসব কর্মকর্তা কঠোর নজরদারিতে আছেন এবং এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ তৈরি হয়েছে এবং এ বিষয়ে চলমান তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
- তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইনের বিধান অনুযায়ী, দল স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে বলে তিনি জানান।