মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকায় জানাজার নামাজের জন্য নির্ধারিত মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মাঠটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত এই মাঠের বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ ও গাছ লাগানোর মাধ্যমে মাঠের জায়গা সংকুচিত করার চেষ্টা চলছে। এলাকায় জানাজার নামাজের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় স্থানীয়দের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় একটি পরিত্যক্ত সরকারি জায়গা সংস্কার করে জানাজার মাঠ হিসেবে ব্যবহার শুরু করা হয়। তবে অভিযোগ উঠেছে, নয়ন মিয়ার মেয়ে সুলতানা আক্তার ও রেহানা আক্তার এবং মেয়ের জামাই মাসুদুর রহমান ও আওলাদ মাস্টার গং সরকারি জায়গায় অবস্থিত জানাজার মাঠের একাংশে ঘরের বারান্দা নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে জায়গা দখলের চেষ্টা করছেন।এদিকে, এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি যাদের বিরুদ্ধে মাঠের জায়গা দখলের অভিযোগ উঠেছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এসিল্যান্ড কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন।এ সময় তিনি জানান, সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই মাঠে জানাজার নামাজ আদায়ের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে আসছে। ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।