নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার জৈনাবাজার থেকে শুরু হয়ে মোটরসাইকেলের বহর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গড়গড়িয়া নতুন বাজার প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁদের সঙ্গে সাধারণ মানুষেরও অংশগ্রহণ দেখা যায়।শোডাউন চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, আওয়ামী লীগের সংঘটিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদল সব সময় রাজপথে সোচ্চার রয়েছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। কোনো অপশক্তি যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিলয় মৃধাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।শোডাউনটি জৈনাবাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে গড়গড়িয়া মাস্টারবাড়ি নতুন বাজার এলাকায় যায়। পরে সেখান থেকে মাওনা চৌরাস্তায় গিয়ে কর্মসূচি শেষ হয়।