গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। তাঁদের অবরোধ সরাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শ্রমিকদের সঙ্গে বাহিনীর সদস্যদের উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে শ্রমিকেরা সড়ক ছেড়ে না যাওয়ায় একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। এ সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।