শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার জেলার ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৫টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি পেয়ে অনেক শ্রমিক বাড়ির পথে রওনা হয়েছেন।বুধবার (২৫ নভেম্বর) দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্টপেজে দেখা যায়, ব্যাগপত্র নিয়ে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা। বিশেষ করে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকদের বাড়ি ফেরার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।এ এলাকায় ডেনিম্যাক গার্মেন্টস, ফখরুদ্দিন টেক্সটাইল মিল, বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল, হ্যামস গার্মেন্টস ও মেঘনা নীট কম্পোজিটসহ বেশ কয়েকটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় কাজ করেন হাজারো শ্রমিক।শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুর ও শ্রীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে সরকারের গঠিত মজুরি বোর্ড নতুন বেতনকাঠামো নির্ধারণের সিদ্ধান্ত জানায়। তবে বুধবার সকালেও বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করতে দেখা যায়।এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে অনেক শ্রমিক গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কথা হয় ফখরুদ্দিন টেক্সটাইল মিলের শ্রমিক জাহাঙ্গীরের সঙ্গে। তিনি বলেন, ‘শুক্রবারসহ তিন দিনের ছুটি পেয়েছি। আগামী শনিবার কাজে যোগ দেব। কারখানা বন্ধ থাকায় এখানে বসে না থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি।’একই এলাকার মেঘনা নীট কারখানার শ্রমিক আক্তার হোসেন বলেন, সকালে সহকর্মীরা বিক্ষোভ শুরু করলে কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। তাই পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন তিনি।হ্যামস গার্মেন্টসের শ্রমিক নাসির বলেন, তিন দিনের ছুটি পেয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বুধবার শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সকালের তুলনায় দুপুরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।