সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনার মধ্যে নড়াইলসহ দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল ও নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়। যেসব জেলায় নতুন এসপি দেওয়া হয়েছে, তার মধ্যে পাঁচটিই সীমান্তবর্তী জেলা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক ঘোষণার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধির মধ্যেই এ সিদ্ধান্ত এল।
নতুন আদেশ অনুযায়ী, নড়াইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে। তিনি ২৫তম বিসিএসের কর্মকর্তা এবং এতদিন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের উপকমিশনার পদে কর্মরত ছিলেন। সম্প্রতি নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়।
প্রজ্ঞাপনে অন্য জেলাগুলোতেও নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটে এবং এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার এসপি পদে বদলি করা হয়েছে। এছাড়া গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীতে, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার নতুন এসপি করা হয়েছে।
একই সঙ্গে বেশ কয়েকজন পুলিশ সুপারকে বিভিন্ন পদে বদলি ও সংযুক্ত করা হয়েছে। সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ও এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে সিএমপিতে বদলি করা হয়। আর ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা সীমান্ত পার হয়ে দেশে ঢোকা কিংবা অস্ত্র-বিস্ফোরক এনে চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারে বলে আশঙ্কার কথা ভাবছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে সীমান্তবর্তী ৩০টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়। সম্প্রতি ভারতের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করে আইজিপি মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে যৌথ নজরদারি, টহল ও গোয়েন্দা তথ্য সংগ্রহের নির্দেশ দেন। এর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সম্প্রতি নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব নির্দেশনায় পুলিশকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে বলা হয়। এমন পরিস্থিতিতে নতুন করে নিয়োগ পাওয়া সাত এসপির মধ্যে সীমান্তবর্তী পাঁচ (সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ) জেলাও রয়েছে।