সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই সংস্থাটি ব্রুনাইয়ের ১৯টি ভিন্ন কোম্পানিতে মোট ৩৭০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ নভেম্বর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহারের স্বাক্ষরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
আগ্রহী প্রার্থীরা ইতিমধ্যে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন করার শেষ সময় ২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা। যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত ওয়েবসাইট (https://www.oep.gov.bd/job-circulars)-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগের আওতায় নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত বিভিন্ন পদের জন্য নির্ধারণ করা হয়েছে।
বেশিরভাগ পদের জন্য দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারিত হয়েছে। তবে ড্রাইভার ও যানবাহন মেকানিক পদে মাসিক বেতন ৬৫০ ডলার। চুক্তির মেয়াদ দুই বছর এবং এটি নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা ডিউটি থাকবে। ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটির সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়া কোম্পানি বিমান ভাড়া ও আবাসনের খরচ বহন করবে, তবে খাওয়ার খরচ কর্মীকেই জোগাতে হবে।
আবেদনের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। পে-অর্ডারটি সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ বরাবর করতে হবে। এছাড়া মেডিক্যাল ও ভিসা ফি প্রার্থীকে বহন করতে হবে। মালয় বা ইংরেজি ভাষায় দক্ষ প্রার্থীদের নিয়োগকর্তা অগ্রাধিকার দিতে পারেন।
প্রতারণা রোধে বোয়েসেল বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের কোনো সাব-এজেন্ট বা শাখা অফিস নেই এবং তারা নগদ অর্থ লেনদেন করে না। নিয়োগের সব তথ্য ও তালিকা শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট (boesl.gov.bd) ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এছাড়া নির্দিষ্ট পোর্টাল বা ০১৫৫২১৪৬৫৫৬ নম্বর থেকে এসএমএস পাঠানো হবে। যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ অথবা হটলাইন ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি BOESL লেখা পোর্টাল অথবা 01552146456 নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, নিয়োগসংক্রান্ত জরুরি প্রয়োজনে 01765-411653 নম্বরে অথবা ওইপি-সংক্রান্ত হটলাইন 09618884271-এ যোগাযোগ করতে বলা হয়েছে।