রংপুরের পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদরাসার উদ্যোগে আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে ২৬ জন হাফেজে কোরআনকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়েছে। মঙ্গলবার মাদরাসা ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে আলহাজ ডা. জাকারিয়া আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি হাফিজুদ্দীন হাফি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার মুফতি ফজলুল্লাহ নোমানী। এ সময় ২৬ জন হাফেজে কোরআনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন মুফতি আবদুল মজিদ, মুফতি গাজী বেলাল উদ্দিন নান্নুড়ী ও মুফতি নাজমুল হক। মাহফিলে আমন্ত্রিত আলেমরা পবিত্র কোরআন শিক্ষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সদ্য পাগড়িপ্রাপ্ত ২৬ জন হাফেজের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে উপস্থিত ধর্মপ্রাণ মানুষদের মধ্য থেকে অন্তত একজন করে হাফেজের অভিভাবকত্ব গ্রহণের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান থেকে প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তির তথ্যও জানানো হয়। মাদরাসার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুটি ধাপে এ ভর্তি নেওয়া হবে; এর মধ্যে প্রথম পর্যায় ১ থেকে ১৬ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্যায় ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া জামিয়ার অধীনে কালিতলায় পরিচালিত ইসলামিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম ১ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত জানানো হয়েছে।