কৃষকদের মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত সম্প্রসারণ এবং আধুনিক ধান চাষ প্রযুক্তি জনপ্রিয় করার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০ জন কৃষকের মাঝে ৮০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ধনবাড়ীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রির ধনবাড়ী আঞ্চলিক কার্যালয়ের এসএসও ও প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম এবং বৈজ্ঞানিক সহকারী মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও এলাকাভিত্তিক উপযোগী ধানের জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ বিতরণের পাশাপাশি এসব জাতের সঠিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা ও আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। তারা আরও বলেন, কৃষকের মাঠপর্যায়ে নতুন উদ্ভাবিত ধানের জাত ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং কৃষকের আর্থিক লাভজনকতা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। কর্মসূচিতে ব্রি উদ্ভাবিত ব্রি ধান৮৯, ব্রি ধান৯২, ব্রি ধান৯৬, ব্রি ধান১০১, ব্রি ধান১০২, ব্রি ধান১০৪, ব্রি ধান১০৫, ব্রি ধান১০৮, ব্রি ধান১১৩, ব্রি ধান১১৪, ব্রি ধান১১৫, ব্রি ধান১১৬, ব্রি ধান১১৭, ব্রি ধান১১৮, ব্রি হাইব্রিড ধান৮ ও ব্রি হাইব্রিড ধান১০—মোট ১৬টি জাতের বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ৮০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৮০০ কেজি ধানবীজ দেওয়া হয়েছে। এসব বীজ দিয়ে ৮০ একর জমিতে ধান চাষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।