ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের এবং পরিবারের স্বার্থই সবচেয়ে বড় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, বাংলাদেশ কিংবা তাঁর নিজস্ব দল আওয়ামী লীগও শেখ হাসিনার কাছে দ্বিতীয় বিবেচ্য বিষয়। তিনি এমন এক ব্যক্তি যিনি নিজের ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা রক্ষার প্রয়োজনে নিজের দলকেও কোরবানি দিতে দ্বিধা করবেন না।
২৪ নভেম্বর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। নিজের ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ রয়েছে। সেই পুরোনো আক্রোশ ও হিংসা থেকেই শেখ হাসিনার অনুসারীরা ড. ইউনূসের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ড. আসিফ নজরুলের অভিযোগ অনুযায়ী, বিগত এক মাসে শেখ হাসিনার অনুসারীরা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে আওয়ামী লীগের নেত্রী কিংবা তাঁর অনুসারীরা এটি বিবেচনা করছেন না যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের কোনো ধরনের প্রশাসনিক বা পরিচালনা সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেই।
পোস্টের শেষ দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি প্রশ্ন তুলে আসিফ নজরুল লেখেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল ও নিজের সুরক্ষার জন্য তাঁদের নেত্রী যে দলটিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, সেই বাস্তবতা দলের নেতাকর্মীরা আর কত দিনে বুঝতে পারবেন?